সীমান্তের তরুণদের স্বাবলম্বী করতে ৫৩ বিজিবির উদ্যোগ, মোবাইল সার্ভিসিং শিখছেন ৩৫ জন
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
সীমান্তবর্তী এলাকার বেকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৩৫ জন তরুণকে ছয় সপ্তাহব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাহিনীটি। স্থানীয় বেকার যুবকদের দক্ষ করে তোলা এবং বিকল্প আয়ের পথ তৈরি করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল ফোন মেরামতের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা, মনাকষা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্য।
এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং বিষয়ে প্রশিক্ষণ দেয় ৫৩ বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের দক্ষতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।