ঢাকা-খুলনা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত, গোপালগঞ্জ জেলা পুলিশকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
ঢাকা-খুলনা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করায় গোপালগঞ্জ জেলা পুলিশের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (৩১ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফলে পুরো কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ কার্যক্রম সফল করতে গোপালগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও গোপালগঞ্জ জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।