প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2026 ইং
চট্টগ্রামে ১০৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার
চট্টগ্রামে ১০৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারানো মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা। এ সময় তাঁরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বাড়াবে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, হারানো মালামাল উদ্ধার এবং প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ SOMOY71