প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি: শরীফ তাহমিদুর রহমান
গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের তেঁতুলিয়া কালিমন্দির-সংলগ্ন একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে শেফালী বেগমকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাসার দরজা তালাবদ্ধ থাকায় সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শেফালী বেগম ওই এলাকার বাসিন্দা শহীদ মিয়ার সাবেক স্ত্রী। প্রায় ছয় থেকে সাত মাস আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর থেকে তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। সম্প্রতি তাঁর পুত্রবধূর বাবার বাড়িতে যাওয়ার পর ছেলে ও পুত্রবধূর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। তবে ঘটনার সময় বাসায় তিনি একাই ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাঈম হায়দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ SOMOY71